আউসগ্রামের জঙ্গলমহলে ‘লালন-ই ভরসা’, বার্তা মুখ্যমন্ত্রীর

আউসগ্রামের জঙ্গলমহলে ‘লালন-ই ভরসা’, বার্তা মুখ্যমন্ত্রীর

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

        আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে পশ্চিম বর্ধমানের কাঁকসার রঘুনাথপুরে আয়োজিত হাইভোল্টেজ জনসভা থেকে সাংগঠনিক স্তরে বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জ্জী। এদিন তার বক্তব্যে  সবথেকে বেশি চর্চিত বিষয় হয়ে ওঠে আউসগ্রাম-২ নং ব্লকের রাজনৈতিক সমীকরণ। জঙ্গলমহল এলাকার সংগঠন সামলাতে ব্লক সভাপতি লালন শেখের ওপরই যে দল পূর্ণ আস্থা রাখছে, সেটা কার্যত স্পষ্ট করে দিলেন নেত্রী।

     ​   জঙ্গলঘেরা সংবেদনশীল অঞ্চলটিতে  নির্বাচনী বৈতরণী পার হতে স্থানীয় নেতৃত্বের ভূমিকা অপরিসীম। রঘুনাথপুরের সভায় তৃণমূল নেত্রী তার ভাষণে আউসগ্রাম-২ নং ব্লকের সংগঠন নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুর্গম এলাকায় মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং বুথ স্তরে সংগঠন মজবুত করার ক্ষেত্রে লালন শেখই বর্তমানে দলের প্রধান মুখ সেটা বুঝিয়ে দিয়েছেন। নির্বাচনের মুখে দলের অন্দরে কোনো চোরা স্রোত যেন বাধা হয়ে না দাঁড়ায় তার জন্য কড়া বার্তা দিয়েছেন নেত্রী। ব্লক সভাপতির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার নির্দেশ দিয়েছেন তিনি। আদিবাসী ও প্রান্তিক মানুষের সমর্থন ধরে রাখতে লালন শেখের ব্যক্তিগত জনসংযোগকেই হাতিয়ার করতে চাইছে ঘাসফুল শিবির। এদিনের সভা থেকে যেভাবে তৃণমূল সুপ্রিমো সরাসরি ব্লক নেতৃত্বের নাম ও কাজের প্রশংসা করেছেন, তাতে কর্মীদের মনোবল অনেকটাই চাঙ্গা হয়েছে।

      প্রসঙ্গত আব্দুল লালন, এলাকায় দাতা লালন নামে পরিচিত, সকাল থেকেই প্রার্থীকে সঙ্গে নিয়ে  কার্যত প্রচারে ঝড় তুলছেন। বিষয়টি দলনেত্রীর অজানা নয়। তাই এদিন সভামঞ্চে উঠেই তিনি  হাসিমুখে লালনের দিকে এগিয়ে যান। আপ্লুত হয়ে ওঠেন লালন, যিনি দলনেত্রীকে ‘মমতাময়ী মা’ বলে সম্বোধ করেন, হাত জোড় করে প্রণাম জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *