কণিকা বর্মন (বালুরঘাট)

মানুষ কাঁদছে,
বলতে গিয়েও থমকাতে হয়
ভাবতে হয়, ভেবে বলতে হয়
কেউ কি শুনতে পাচ্ছো
মানুষের সমবেত কান্না
বিপন্ন জীবনের ত্রস্ত আওয়াজ
অথবা আর্ত মুখের ত্রাণ কাতরতা
না , সেই আওয়াজ শোনা যায় না
সেই মর্মঘাত চাপা পড়ে গেছে
এক শ্রেণীর ঔদ্ধত্যের কাছে
এক শ্রেণীর শাসানির কাছে
তাদের চোখে অগ্নি তারা
ফুসফুস ভরা বিদ্বেষ বায়ু
তারা আলোকিত তেজে
তারা প্রজ্বলিত ক্ষমতায়
তারা দুর্দম, তারা নির্মম
কান্নার আওয়াজ তারা সহ্য করে না
তারা বন্দুকের আওয়াজেই অভ্যস্ত
তাই বিপন্নরা কোনো শব্দ করে না
মুখ খোলে না, চোখ তোলে না
বেঁচে থাকে ভয় নিয়ে, হাঁটু গেঁড়ে
কাঁদে তারা অন্ধকারে, সজাগে, নিঃশব্দে
সেই আওয়াজ আলোর কাছে আসে না
লুটিয়ে পড়ে থাকে সমাজের অন্ধকারে…
