করবী সাঁতরা (বালি, হাওড়া)

সময়ের সাথে তাল মিলিয়ে
চলে যেতে হবে,
যাকিছু ছিল তা বিলিয়ে
মনে দুখ রবে।
ক্ষণস্থায়ী সময় পিছু টানে
হৃদে বিষাদের সুর,
জীবন ভেসেছিল জোয়ারের বানে
সেইদিন আজ বহুদূর।
বহু ন্যায় অন্যায় অপরাধ
চেতনায় ভীষণ আঘাত,
অত্যাচার অবিচার ছিল না বাদ
আচমকা ঘটে বজ্রাঘাত।
পথের শিশু ধূলির প’রে
নব মুকুল দংশিত,
অসহায় বৃদ্ধা পর্ণ কুটিরে
দুর্বল কেবল আশংকিত।
প্রতি ক্ষণে রইল ভুল
নব দিশা খোঁজে মন,
সময়ের ভারে বিবর্ণ ফুল
সমস্যার জটিলতা সারাক্ষণ।
নব দিগন্তে নতুন আলো
পুনরুজ্জীবিত মৃতপ্রায় প্রাণ,
মনের আগ্নেরগিরি জ্বালো,
রাখতে সময়ের সম্মান।
নববর্ষের স্রোতে ভেসে ভেসে
শত সহস্র প্রতিশ্রুতি,
সময়ের বহ্নি শিখায় মেশে
ধীরে ম্লান জ্যোতি।
পুনরায় নব দিগন্তে দৃষ্টি
মিলবে সঠিক দিশা,
অপরূপ রূপে সাজবে সৃষ্টি
শেষ দিনের আশা।