এসআইটি চ্যালেঞ্জার্স কাপে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের জয়জয়কার; ডিএলএস নিয়মে ধরাশায়ী টেকনো ইন্ডিয়া

এসআইটি চ্যালেঞ্জার্স কাপে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের জয়জয়কার; ডিএলএস নিয়মে ধরাশায়ী টেকনো ইন্ডিয়া

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি:- স্থানীয় স্কুল ক্রিকেটের মানোন্নয়ন ও উদীয়মান প্রতিভা অন্বেষণের লক্ষ্যে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি (SIT) আয়োজিত ‘এসআইটি চ্যালেঞ্জার্স কাপ ২০২৬’ এক মহাকাব্যিক সমাপ্তির সাক্ষী থাকল। টুর্নামেন্টের উদ্বোধনী দিন থেকেই ছিল ব্যাটে-বলের জমজমাট লড়াই। প্রথম ম্যাচে মোদী পাবলিক স্কুল ৭১ রানে জয়ী হয় সেন্ট জোসেফস স্কুলের বিরুদ্ধে, যেখানে রুদ্রবীর সিং তাঁর অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হন। দিনের দ্বিতীয় ম্যাচে বিড়লা দিব্যজ্যোতি স্কুলের দেওয়া ১১৬ রানের লক্ষ্য অনায়াসেই টপকে যায় টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল (TIGPS)। রত্নদীপ সরকারের লড়াকু ইনিংসের সৌজন্যে তাঁরা ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে শুভ সূচনা করে।

টুর্নামেন্টের দ্বিতীয় দিনে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে দেখা যায় চূড়ান্ত আধিপত্য। তৃতীয় কোয়ার্টার ফাইনালে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল ১৯৭ রান তুলে ১৪২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ডিপিএস দাগাপুরকে। ওপেনার অনিশ শর্মার ৪০ রানের ঝোড়ো ইনিংস ও আকাশ তরফদারের অলরাউন্ড পারফরম্যান্স শিলিগুড়ি বয়েজকে অনায়াস জয় এনে দেয়। চতুর্থ কোয়ার্টার ফাইনালে এপিএস সুকনাকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে এইচবি বিদ্যাপীঠ, যেখানে উজ্জ্বল ছিলেন আয়ুষ খান। সেমিফাইনালের লড়াইয়ে আবহাওয়া কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও উত্তেজনার কমতি ছিল না। বৃষ্টির কারণে শিলিগুড়ি বয়েজ ও মোদী পাবলিক স্কুলের প্রথম সেমিফাইনালটি ১০ই এপ্রিল পর্যন্ত পিছিয়ে দিতে হয়। তবে দ্বিতীয় সেমিফাইনালে টেকনো ইন্ডিয়া দাপট বজায় রেখে এইচবি বিদ্যাপীঠকে মাত্র ৬৯ রানে অলআউট করে দেয় এবং মাত্র ১১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রূপম চক্রবর্তী ম্যান অফ দ্য ম্যাচ হন।

এদিন দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। যেখানে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের মুখমুখি মোদী পাবলিক স্কুল হয়। শিলিগুড়ি বয়েজ হাইস্কুল ২৩৫ রান করে, সেখানে জবাবে মোদী পাবলিক স্কুল ৫৪ রানে অলআউট হয়। এরপর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের দুই শক্তিশালী দল — শিলিগুড়ি বয়েজ হাইস্কুল ও টেকনো ইন্ডিয়া (TIGPS)। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শিলিগুড়ি বয়েজের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রীতিমতো হিমশিম খায় টেকনো ইন্ডিয়া। ১৮তম ওভারে তাঁরা মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায়। ১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শিলিগুড়ি বয়েজের ওপেনাররা শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন। মাত্র ৬ ওভারে ১ উইকেটে ৫৬ রান তুলে যখন তাঁরা জয়ের সুবাস পাচ্ছিল, তখনই প্রবল বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় শেষ পর্যন্ত জয়ী নির্ধারণে ডাকওয়ার্থ লুইস (DLS) পদ্ধতির আশ্রয় নেওয়া হয়। রান রেটে যোজন যোজন এগিয়ে থাকায় শিলিগুড়ি বয়েজ হাই স্কুলকে ২৬ রানে জয়ী ঘোষণা করা হয়। ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য আকাশ তরফদার ম্যান অফ দ্য ম্যাচ এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতার জন্য ‘ম্যান অফ দ্য সিরিজ’ নির্বাচিত হন। প্রতিকূল আবহাওয়ার মাঝেও এই টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের লড়াকু মানসিকতার এক দারুণ দৃষ্টান্ত হয়ে রইল বলে জানিয়েছেন আয়োজকরা।

শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রিন্সিপাল ডঃ জয়দীপ দত্ত এ প্রসঙ্গে বলেন, “বহু বছর ধরেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে আসছি। তবে এবারের আসরে গোটা উত্তরবঙ্গ থেকে যে সাড়া পেয়েছি, তা সত্যিই অত্যন্ত উৎসাহের এবং আনন্দদায়ক। শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রের পাশাপাশি ক্রীড়ার গুরুত্বও সমানভাবে তুলে ধরার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এসআইটি চ্যালেঞ্জার্স কাপ শুধুমাত্র ক্রিকেট বা ফুটবলের মধ্যে সীমাবদ্ধ নয়; ভলিবলের মতো খেলাও আমরা নিয়মিতভাবে আয়োজন করে থাকি।”

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *