রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
কুলটির মিঠানি গ্রামে রামকৃষ্ণ জন্মোৎসব উপলক্ষ্যে চলছে ২৪ প্রহর সংকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা। উৎসবের জনমুখর পরিবেশকে জনসংযোগের মঞ্চ হিসেবে ব্যবহার করলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক। সহজেই মেলায় আগত সাধারণ মানুষের সঙ্গে আড্ডা, হাসি-ঠাট্টাতে মেতে ওঠার পাশাপাশি অনেকের আব্দার মেটাতে ঘরের মানুষের মত সেলফিতেও ধরা দিলেন।
সম্প্রতি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ‘চপ ভেজে’ তৃণমূল নেত্রীর প্রতি কটাক্ষ করেন। তারও পাল্টা জবাব দেন অভিজিৎ ঘটক। মেলার মধ্যেই তিনি নিজে ঘুগনি খান এবং দলের কর্মীদেরও খাওয়ান। তিনি বলেন, “চপ-ঘুগনি বা ফুচকা কোনো ব্যঙ্গের বিষয় নয়। এটি এক ধরনের শিল্প। গ্রামীণ মেলায় এগুলি বিক্রি করে বহু মানুষে জীবিকা অর্জন করেন।” এভাবেই উৎসব ও রাজনীতির মেলবন্ধনে কুলটির মাটিতে নিজের সংগঠনকে আরও শক্তিশালী করতে সচেষ্ট হলেন ঘাসফুল প্রার্থী।


