ছোঁয়াচে

তনুশ্রী সামন্ত (ডেবরা, পশ্চিম মেদিনীপুর)

অনেকদিন পর..….
তোর একটা ছবি দেখলাম তোর মিসেস এর সাথে!
তুই তো কখনোই ছবি টবি ছাড়িস না!
কী একটা আদ্যিকালের গোমড়ামুখো ছবি দিয়ে রেখেছিস প্রোফাইল পিকচারে!
তোদের ছবিটা তোর মিসেস এর পোষ্টেই দেখলাম!
তোর মুখে কী সুন্দর মিষ্টি হাসি… আনন্দের জরি বোনা!
একদৃষ্টে তাকিয়ে ছিলাম অনেকক্ষণ!
হঠাৎ কী যে হলো, আমার মুখটাও কেমন হাসি হাসি হয়ে গেলো!
তারপর বাইরে বেরিয়ে দেখি
কী অবাক কাণ্ড!
সন্ধ্যাতারার মুখেও একরাশ হাসি!!
একগাল হাসি আমাদের বাদুড় পুকুরের গালেও!
অশ্বত্থের পাতাগুলোও কেমন রূপোলী দাঁত মেলে হাসছিল!
আমাদের কাজের দিদি, যে কিনা এক্কেবারে রামগড়ুরের ছানা,
সেও আমায় দেখে
হেসে হেসে এসে বললো,
“বৌদি তুমি আজ রান্না করবে গো?
তুমি খুব ভালো রান্না করো,
তোমার হাতের রান্না কতদিন খাইনি..!”
আমিও তোর মতো একটা মিষ্টি হাসি হেসে রান্নাঘরে চলে গেলাম!
যথারীতি ন’টার দিকে আমার বর বাড়িতে এলো,
খেতে বসে বললো,”ইস্ তুমি আজ রান্না করেছো বুঝি!
দারুন হয়েছে কিন্তু!!”
আমি বললাম… হি হি!!
আমার হি হি দেখে আমার ছেলেমেয়েরাও
হি হি করে হাসতে লাগলো!
আর চারদিকে সোনার জরি
ছড়িয়ে ছড়িয়ে পড়তে লাগলো!
কী যে সব অদ্ভুত কাণ্ড হচ্ছিলো…..!!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *