রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
অভিযোগ, রবিবার বারাবনি বিধানসভার কপিষ্ঠা মোড় থেকে সরিষাতলি মোড় পর্যন্ত বিজেপির কর্মীরা পতাকা টাঙানোর সময় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাদের ওপর চড়াও হয় এবং পতাকা ছিঁড়ে ফেলে দেয়। এই নিয়ে দু’দলের মধ্যে বচসা শুরু হলে তা মুহূর্তের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। সংঘর্ষে উভয় পক্ষেরই বেশ কয়েকজন কর্মী আহত হন।
ঘটনার পর থেকেই বারাবনিতে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, “বারাবনিতে পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করছে। আমাদের কর্মীদের শান্তিপূর্ণভাবে প্রচার করতে দেওয়া হচ্ছে না। পুলিশ নির্বিকার দর্শক হয়ে দাঁড়িয়ে আছে।”
অন্যদিকে, তৃণমূলের দাবি, “বাইরে থেকে লোক এনে এলাকায় অশান্তি পাকাচ্ছে বিজেপি। আমাদের কর্মীদের ওপর ওরাই আগে হামলা চালিয়েছে। বারাবনির মানুষ এই অপসংস্কৃতি মেনে নেবে না।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাবনি থানার বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশি টহল জারি রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে।

