তুমি আসবে বলে

রুনা মুখার্জী (কলকাতা)

তুমি আসবে বলে, ওই দেখো, পূব আকাশের শুকতারাটা এখনো তোমার জন্য অপেক্ষা করছে। জ্যোতির্ময় সূর্য তার দৃপ্তি নিয়ে অনেক আগেই উদিত হয়ে গেছে।
মুক্ত বিহঙ্গেরা খুশীতে উড়ে যাচ্ছে ওই নীল দিগন্তে,
যাতে দূর থেকে তোমার আসা দেখতে পায়।
তোমার প্রিয় কৃষ্ণচূড়া ফুলগুলো আরো লাল হয়ে উঠেছে তোমারই প্রতীক্ষায়।
তুমি আসবে বলে তোমার হাতে লাগানো গোলাপ গাছটায় সুগন্ধিত অসংখ্য গোলাপ তাদের সৌন্দর্য নিয়ে প্রতীক্ষা করছে।
আর শিউলি ফুল গুলো অপেক্ষা করছে কখন এসে তুমি ওদের নিয়ে গিয়ে রেখে আসবে তোমার প্রাণ প্রিয়ার ঘরের সামনে।
শান্ত দুপুরটা অস্থির হয়ে আছে তোমার জন্য।
আর ওই সোনালী বিকেল টা আলো ছায়ার খেলা খেলছে আর ভাবছে কখন তুমি আসবে।
গোধূলির ওই রক্তে রাঙ্গা অস্তগামী সূর্য টা বলছে একটু পরেই তুমি আসবে ।
তোমার পদধ্বনি শোনার জন্য নিঝুম রাত বলছে তবে কি সে ফিরবে না!
রাত জাগা পাখি গুলো রাতের নিস্তব্ধতাকে ভেদ করে চিৎকার করে বলছে তাকে ফিরতেই হবে।
আমাদের ভালবাসার টানেই সে ফিরবে ।
কারণ সেও যে আমাদের অনেক ভালোবাসে।
ক্লান্ত ভোর বলছে যদি সে না আসে তবে দিনের পর দিন,
যুগের পর যুগ অপেক্ষা করবে তোমার জন্য।
তুমি কি পারবে এদের ডাকে সাড়া না দিতে?
আসবে তুমি কবে!
না হলে যে এরা অনেক কষ্ট পাবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *