রমেশ রায়: গঙ্গাসাগর:- দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের চক ফুলডুবি এলাকায় দীর্ঘদিনের যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান হলো। দীর্ঘকাল ধরে এই এলাকায় ইটের রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থায় ছিল, যার ফলে নিত্যদিন যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতেন কয়েক হাজার গ্রামবাসী। বিশেষ করে বর্ষাকালে বা জরুরি প্রয়োজনে চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে পড়ত।
অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং SRD প্রকল্পের অর্থানুকূল্যে মুড়িগঙ্গা-২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ঢালাই রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
এদিন দুটি গুরুত্বপূর্ণ রাস্তার উদ্বোধন করা হয়:
প্রথমটি: শেখ কওসরের বাড়ি থেকে জব্বার খানের বাড়ি পর্যন্ত (১৫৭১ মিটার)।
দ্বিতীয়টি: চক ফুলডুবি মাঝেরপাড়া থেকে শীতলা মন্দির পর্যন্ত (১২৭৮ মিটার)।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির, গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ মন্ডল সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, সাধারণ মানুষের সুবিধার্থে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তা পাকা ঢালাই রাস্তায় পরিণত হওয়ায় এখন খুব সহজেই গ্রামে যানবাহন প্রবেশ করতে পারবে। আধুনিক মানের এই রাস্তা পেয়ে উচ্ছ্বসিত এলাকাবাসীরা রাজ্য সরকার ও স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।