দুঁদে অভিনেতা

সোমেন চ্যাটার্জী (কলকাতা)

মঞ্চ ভাষণ পোস্টার হোর্ডিং,
দলে দলে চলছে সেটিং৷
তলে তলে হচ্ছে ফিটিং,
কোনটা আসল কোনটা চিটিং?

সকাল হলেই ভোট প্রচারে
নেতা ঘোরে দ্বারে দ্বারে,
মেঘ না হতেই বৃষ্টি যেন
ঝরছে ধারা মাটির ‘পরে৷

করজোড়ে মাথা নেড়ে
ভোট চাইছেন বারে বারে,
চায়ের দোকান ভরা বাজারে
দেখলে পরেই দাঁড়িয়ে পড়ে৷

হঠাৎ চোখে যদি পড়ে
কোনো বৃদ্ধ গলির মোড়ে৷
তখনই নেতা ছুটে গিয়ে তারে
হাত দুটিকে জড়িয়ে ধরে।

শুধায় শরীর কেমন, যাচ্ছো কোথায়?
প্রণাম কুশলের ঘনঘটায়
এ যেন এক অভিনব প্রেম
কোন মিলন তিথির ছটায়৷

চেনা জানা নেই শুধুই অচেনা
দেখায় কত না আপনজন,
যাই বলো তারে সদাই হাসি
কত ভোলাভালা একজন৷

কতবার গেছে রাস্তা দিয়ে
ব্যস্ত ছিল নিজেকে নিয়ে,
এখন ভণ্ডব্যাটা প্রার্থী হয়ে
হাঁটে ঘাম বৃষ্টিতে ভিজে গায়ে৷

দুপুর হলেই মধ্যাহ্ন ভোজে
গরিবের ডেরায় খাবারের খোঁজে,
মাটিতে বসে খোশ মেজাজে
অনিচ্ছায় খায় অতি সহজে৷

ক্যামেরা বন্দি নেতার কীর্তি
ও দাদা মাটিতে বসে খেলো,
যার নুন আনতে পান্তা ফুরায়
তার যে কী হাল হলো!

রাজা মনের গরিব মানুষ
কাল কী খাবেন নেই জানা,
নেতা খাবেন আমার বাড়ি
আমার ভাগ্য ভালো ষোলোআনা৷

আসলে সবই ঢপের চপ
এ আশায় মরে চাষা,
নেতা নামের কলঙ্ক এরা
শতকরা আশিটা বজ্জাতের বাসা৷

গরিব আরো গরিব হবে
বাস্তবে এটাই আসল গল্প,
রাজনীতি ছেড়ে দুঁদে অভিনেতা
তাদের এটাই থাকে সংকল্প৷

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *