সৌভিক সিকদার, ভাতার, পূর্ব বর্ধমান -:
গত কয়েক বছরের মত এবারও বিশিষ্ট সমাজসেবী প্রয়াতা শান্তি পালের জন্মদিন উপলক্ষ্যে দেওয়ানদীঘি থানার অন্তর্গত কামারকিতা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাকেন্দ্রের উদ্যোগে ও উৎসর্গ রিলিফ ফাউন্ডেশন এর সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার উদ্যোগে শিবির থেকে মোট ৯৩ ইউনিট রক্ত সংগৃহীত হয়। রক্তদাতাদের মধ্যে ৩৪ জন মহিলা ছিলেন। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। পরিবেশ রক্ষায় উৎসাহিত করার জন্য প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। শিবিরে প্রায় ১৪৫ জন ব্যক্তি তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। এদের মধ্যে প্রায় ৭২ জন সুগার পরীক্ষা ও ৪৩ জন ইসিজি করান। রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়।
রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন আশ্রমের সহ সভাপতি বিবেকানন্দ মল্লিক, দীপা দে, সব্যসাচী, অর্পণ, অর্ধেন্দু, ঋষভ, টুটু, রাহুল, তারক প্রমুখ এবং উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন দিব্যেন্দু দাস সহ অন্যান্য সদস্যরা।
রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে বহু রক্তদান শিবিরের আয়োজক তথা রাজ্যের অন্যতম রক্তযোদ্ধা দিব্যেন্দু দাস বলেন, শীতের সময় বিভিন্ন হাসপাতালে রক্তের ঘাটতি দেখা দেয়। ঘাটতি পূরণের জন্য তিনি এলাকার বিভিন্ন সংগঠনকে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য আহ্বান জানান।