সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:
রবিবাসরীয় সকালে মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মিরাজ আলম শেখকে সঙ্গে নিয়ে চাণক অঞ্চলের বিভিন্ন গ্রামে চলল বাম কর্মীদের পদযাত্রা ও নিবিড় জনসংযোগ। তাদের হাতে ছিল লাল ঝাণ্ডা। পদযাত্রায় প্রবীণদের পাশাপাশি তরুণ প্রজন্মের কর্মীরা ছিলেন। “চোর হঠাও, রাজ্য বাঁচাও” এবং “শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে বামফ্রন্টকে ভোট দিন” – এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। চাণক গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে বামেদের এই জোরালো প্রচার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রচারে সমস্ত স্তরে নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভকে হাতিয়ার করছে বামেরা। কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থী মিরাজ আলম শেখ।
এদিন প্রচারে অংশগ্রহণ করেন, কম. জয়ন্ত দত্ত, কম. শাহাজাহান চৌধুরী, কম. দিলীপ রায়, কম. ভুলি হেমরম, কম. লালমোহন শেখ , কম সুশান্ত দাস প্রমুখ।
সিপিআই(এম) নেতৃত্বের দাবি, “গত কয়েক বছরে মঙ্গলকোটের মানুষ উন্নয়নের নামে কেবল বঞ্চনা পেয়েছে। মিরাজ আলমের মতো শিক্ষিত ও লড়াকু প্রার্থীই পারেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ বিধানসভায় পৌঁছে দিতে।” চাণক অঞ্চলের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী বাম শিবির।


