কাজল মিত্র: সালানপুর:- জীবনের প্রথম বড়ো পরীক্ষা মাধ্যমিক। এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসতে চলেছে অসংখ্য ছাত্রছাত্রী। ভবিষ্যতের ভিত গড়ার এই গুরুত্বপূর্ণ সময়ে পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল বাসুদেবপুর জেমারি গ্রাম পঞ্চায়েত। আজ সালানপুর ব্লকের অন্তর্গত বাসুদেবপুর জেমারি গ্রাম পঞ্চায়েত এলাকার জেমারী আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শতাধিক পরীক্ষার্থীদের হাতে পেন ,জলের বোতল ও টিফিন সামগ্রী তুলে দেওয়া হয়।
শুধু তাই নয় যেকদিন ছাত্র-ছাত্রীদের পরীক্ষা রয়েছে সেই কদিন তাদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া থেকে শুরু করে তাদের বাড়ি পৌঁছানো সকল ব্যবস্থা করানো হয়।
পরীক্ষার দিনের মানসিক চাপ ও দুশ্চিন্তার মাঝেও যাতে ছাত্রছাত্রীরা কিছুটা স্বস্তি ও সাহস পায়, সেই উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। গরমের কথা মাথায় রেখে জলের বোতল এবং পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী হিসেবে পেন তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের হাতে।
এদিন পরীক্ষার্থীদের হাতে পেন ও জলের বোতল তুলে দেন বাসুদেবপুর জেমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল ধীবর। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, “মাধ্যমিক জীবনের প্রথম বড়ো ধাপ। ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দাও। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ”।বাসুদেবপুর জেমারি গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকরা। তাঁদের মতে, প্রশাসনের এই পাশে থাকার বার্তা পরীক্ষার্থীদের মনে সাহস ও ইতিবাচক মনোভাব তৈরি করবে।
মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে বাসুদেবপুর জেমারি গ্রাম পঞ্চায়েত আবারও প্রমাণ করল—শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও তারা অগ্রণী।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অনিল ধীবর ,উপপ্রধান খুসবু রজক , মেমারি আঞ্চলিক তৃণমূল কংগ্রেস এর ইনচার্জ কাজল গোস্বামী, সভাপতি গৌতম নাথ, সহ সভাপতি গোপাল দাস, যুব সভাপতি শচীন নাগ পঞ্চায়েত সমিতি সুশান্ত কুমার মন্ডল সহ অন্যান্য কর্মী বৃন্দ।