নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন যখন ১২টি রাজ্যে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) শুরু করেছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চালু করেছে এক নজিরবিহীন উদ্যোগ ‘বাংলার ভোট রক্ষা’ (BVR)। ১২টি রাজ্যের মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেসই সেই রাজনৈতিক দল, যারা এত ব্যাপক ও সুসংগঠিতভাবে ভোটার সহায়তা কর্মসূচি শুরু করেছে। রাজ্যজুড়ে ওয়ার্ড ও আঞ্চলিক স্তর পর্যন্ত বসেছে ৫,০০০-এরও বেশি ভোটার সহায়তা ক্যাম্প। স্বেচ্ছাসেবকরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার তথ্য যাচাইয়ে সহায়তা করছেন এবং নতুন ভোটারদের নাম তোলার জন্য ফর্ম ৬ পূরণে সাহায্য করছেন। এই ‘ডোর টু ডোর’ প্রচার অভিযানের অগ্রগতি ‘দিদির দূত’ অ্যাপে ডিজিটাল মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে প্রতিটি ধাপের কাজ স্বচ্ছভাবে হয় ও নথিভুক্ত থাকে। প্রতিটি ক্যাম্পে নাগরিকদের জন্য রাখা হয়েছে পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র সম্পর্কিত দিকনির্দেশ, ভুল বা বাদ পড়া নাম সংশোধন ও অভিযোগ জানানোর অভিযোগ গ্রহণ কেন্দ্র এবং ভোটার তালিকার খসড়া প্রকাশ, দাবি-আপত্তি জমা দেওয়ার সময়সীমা সম্পর্কিত নিয়মিত আপডেট। এই সমগ্র অভিযানের মূল লক্ষ্য হল ১০০% ভোটারের নাম অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং বৈধ ভোটারদের নাম যেন ভুলবশত বাদ না যায়, তা প্রতিরোধ করা, বিশেষ করে এই SIR চলাকালীন সময়ে। ভোটার সহায়তা ক্যাম্পের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় আয়োজন করা হচ্ছে বাংলার ভোট রক্ষা শিবির হেলথ ক্যাম্পের যেখানে সাধারণ মানুষ পাচ্ছেন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ।
