হারিয়ে যাওয়া সামগ্রী ফিরে পেলেন পুরুলিয়ার বাসিন্দা – সৌজন্যে হীরাপুর থানার পুলিশ

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: রাজনৈতিক দলগুলো পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুললেও সাধারণ মানুষ যে তাদের উপর খুশি ও ভরসাস্থল তার প্রমাণ আবার পাওয়া গ্যালো। মানুষের ভরসা মর্যাদা দিল হীরাপুর থানার পুলিশ। তাড়াহুড়োতে বার্ণপুরের গ্যালাক্সি মলের কাছে একটি টোটোতে মোবাইল ফোন, সোনার গয়না সহ অন্যান্য সামগ্রী ভর্তি ব্যাগ ফেলে আসেন পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড় থানার বাসিন্দা লালবাবু রায় যার আর্থিক মূল্য লক্ষাধিক টাকা। ব্যাগের কথা মনে পড়তেই চিন্তিত লালবাবু বিষয়টি স্থানীয় হীরাপুর থানায় লিখিত ভাবে জানান। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠে হীরাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। নিজস্ব পদ্ধতিতে শুরু হয় তদন্ত। সময় মিলিয়ে সিসিটিভিগুলি খুঁটিয়ে পরীক্ষা করা হয়। দ্রুত চালক সহ সংশ্লিষ্ট টোটোকে চিহ্নিত করে সমস্ত সামগ্রী সহ ব্যাগটি উদ্ধার করা হয়। পরে সেটি সংশ্লিষ্ট ব্যাগ মালিকের হাতে তুলে দেওয়া হয়। ব্যাগটি ফিরে পেয়ে লালবাবু খুব খুশি। হীরাপুর থানার আধিকারিকদের ভূয়সী প্রশংসা করে লালবাবু বলেন, দামি সামগ্রী সহ ব্যাগটি হারিয়ে ফেলে ভেঙে পড়েছিলাম। ভাবতে পারিনি ব্যাগটি ফিরে পাব। যেভাবে হীরাপুর থানার আধিকারিকরা আমাকে ব্যাগটি অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়েছেন তাতে ওদের জন্য কোনো প্রশংসা যথেষ্ট নয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *