অক্ষর সংলাপ

পুষ্পিতা চ্যাটার্জি দত্ত (কলকাতা)

হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটা পথ
এখানে শুধু ছাতিমের গন্ধ
ক্রমশঃ গাঢ় হচ্ছে অন্ধকার!
পেছনে ফিরে তাকালেই শুধু বোবা কান্নাদের চিৎকার।

কিছু স্মৃতিতে কেমন যেন ঘুণ ধরেছে
জোনাকির আলোয় তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা
ঝিঁঝিঁ পোকার ডাকে ইতিউতি উঁকি দিচ্ছে ছেলেবেলা।

গাছপালাগুলোর দিকে তাঁকিয়ে
হেমন্তকে কেমন যেন নিষ্ঠুর মনে হয়,
সবটুকু কেড়ে নিয়ে বয়ে চলেছে নবান্নের ঘ্রাণের উদ্দেশ্যে।

অনুভূতি প্রকাশের শব্দ বিন্যাসে ব্যস্ত অক্ষরেরা
ছোটাছুটি করতে করতে আজ তারা ক্লান্ত,
লড়াই করার সকল পথ যখন মরীচিকায় শেষ হয়
কেবল কান্নারা আসকারা পায় অক্ষর সংলাপে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *