অনুভূতি

করবী সাঁতরা (বালি, হাওড়া)

ব্যক্তিগত অনুভূতি থাক দূরে

          ঐক্যবদ্ধের তান থাক সুরে 

                    একসুরের মূর্চ্ছনা থাক মন জুড়ে।

আঘাত প্রতিঘাতের নীরব রক্তক্ষরণ

             নীরবে বয়ে চলুক হৃদি করুক বরণ

                         সমষ্টির কল্যানে সব তাপ হোক হরণ।

মান অভিমান অভাব অভিযোগে

           মনের আগুনে মন ভোগে 

                      ক্ষমাহীন চিন্তার রোগে।

উদার আকাশ হৃদয় জুড়ে থাক

           নির্মল বাতাসে দেহমন শান্তি পাক 

                        কুয়াশার চাদর সরে যাক।

জটিল কুটিল মনে কত কাটাকুটি

           আঁকাবাঁকা পথের জটিল ছোটাছুটি 

                      মনের শান্তির নীরবেতে ছুটি।

মান অভিমানের প্রবল জলস্রোতে

                 ভেঙেচুরে এগোয় শেষ সীমানাতে 

সহজ সরল পথে শান্ত গতিতে

                  পরম শান্তি মেলে বিশালতায় মিলে।

অনুভূতির সমীকরণে জটিল খেলা

            মূহুর্ত এগিয়ে চলে কাটে অবেলা

একতার বন্ধনে নানারঙের মেলা

              অনুভূতিতে আসুক খুশির বেলা।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *