রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:
আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের ‘পাড়ায়-পাড়ায় দিদিভাই’ কর্মসূচিকে কেন্দ্র করে অভিযোগ ও পাল্টা অভিযোগে চাঞ্চল্য ছড়ালো আসানসোলের তিরাটে। বিধায়িকার অভিযোগ তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করার জন্য তিরাটে যান, সেখানকার মানুষের সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। সেইসময় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য সুবীর ব্যানার্জ্জীর নেতৃত্বে গ্রামের মহিলারা তাকে ঘিরে বিক্ষোভ দেখান । তার সঙ্গে তারা খারাপ আচরণ করে। পুলিশ এলেও সেভাবে সক্রিয় হয়নি। তার দাবি তিনি অবৈধ বালি কারবারের বিরুদ্ধে সরব হওয়ার জন্যেই তৃণমূল এইধরনের আচরণ করেছে। তাকে আটক করে দলের কর্মীদের মনোবল ভাঙা যাবেনা। প্রায় একঘণ্টার বেশি সময় ধরে তাকে আটকে রাখা হয়। ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা কালিপাহাড়িতে জাতীয় সড়ক অবরোধ করে।


অন্যদিকে সুধীর বাবুর দাবি, বিধায়িকা এসেই প্রাক্তন বিধায়ক তাপস ব্যানার্জ্জীর প্রতি অপমানজনক মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে মহিলারা প্রতিবাদে রাস্তায় বসলে অগ্নিমিত্রা দেবী নিজের দেহরক্ষীকে মহিলাদের উপর গুলি চালানোর নির্দেশ দিলে উত্তেজনা বেড়ে ওঠে। তিনি আরও বলেন, এই এলাকায় কোনো কাজ হয়নি বলে বিধায়িকা যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। প্রাক্তন বিধায়কের নেতৃত্বে এখানে প্রচুর কাজ হয়েছে। তাছাড়া বিজেপির বিধায়িকা নন তিনি দাঁড়িয়ে থেকে অবৈধ বালির কারবার বন্ধ করেছেন। তিনি বলেন, ‘সাড়ে চার বছর ধরে কোথায় ছিলেন’ মহিলাদের এই প্রশ্নে ক্ষুব্ধ হয়ে নিজের ব্যর্থতা ঢাকার জন্য বিধায়িকা মিথ্যা কথা বলছেন।
স্থানীয়দের আশঙ্কা নির্বাচন যত এগিয়ে আসবে তত এলাকা উত্তপ্ত হবে।
