আজও ওরা নেই রাজ্যের বাসিন্দা!

রিমা ঘোষ, আমতা, হাওড়া-: 

          হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের গুজারপুর বড় পোল থেকে তুলসিবেড়িয়া পর্যন্ত জল নিকাশি খালের পাড়ের বাসিন্দারা কার্যত নেই রাজ্যের বাসিন্দা। কারও বাস্তুভিটা আছে ঘর নেই। এক চিলতে ছোট্ট জায়গায় বাঁশ ও মাটির দেওয়াল এবং মাথার উপর খড়, টিন, তালপাতা, ত্রিপল, টালির, বা অ্যাসবেস্টারের ছাউনি দিয়ে দিয়ে তৈরি ছোট্ট ঘর। তার মধ্যেই গাদাগাদি করে থাকতে হয়। গোপনীয়তা বলে কিছু থাকেনা। কল আছে জল নেই, যোগাযোগের জন্য রাস্তা আছে ঠিকই কিন্তু  চলাচলের অযোগ্য। শিক্ষার্থীরা পড়ে চরম সমস্যায়। অস্বাস্থ্যকর পরিবেশে রোগ তাদের নিত্য সঙ্গী। এদের অধিকাংশ হত দরিদ্র দিন মজুর। কেউ কেউ হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করে জীবিকা নির্বাহ করে। বাসিন্দারা তপসিলি জাতি ও ওবিসি সম্প্রদায়ের। হিন্দু ও মুসলমান সব সম্প্রদায়ের মানুষ এখানে বাস করেন। 

        সাধারণের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থাকলেও সেইসব সুযোগ সুবিধা এদের কাছে ঠিকমত পৌঁছায়না। ফলে এদের অবস্থার পরিবর্তন হয়না। বংশপরম্পরায় দুর্ভোগ এদের ভোগ করতে হয়। হতাশা এদের গ্রাস করে। একটু দূরে থাকা আধুনিক সভ্যতায় মোড়ানো এলাকার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। হয়তো মনে মনে ভাবে কবে তাদের জীবন যাত্রার পরিবর্তন ঘটবে।

        প্রশ্ন একটাই, এখানে যেমন জনপ্রতিনিধি আছেন তেমনি আছে বিভিন্ন রাজনৈতিক দলের পদাধিকারীরা। কারও কি এলাকার অসহায় এইসব পরিবারের দিকে নজর পড়েনা? কেউ কি এদের দুর্ভোগের খবর সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়ার মত উদ্যোগ নেবেনা? মানবাধিকার কি শুধুমাত্র শহরের বাবুদের জন্য? এরা কি চির অবহেলিত থেকে যাবে? হায়রে আধুনিক সভ্যতা!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *