আদতে বদলায় না কিছুই

মুনমুন মুখার্জ্জী (বার্ণপুর)

তুমি ভাবছ এ এক নতুন পথ, সত্যিই কি নতুন পথ?
তা তো নয়, এ পথের যূপকাষ্ঠে মর্মাহত হয়েছে অনেকেই..
যীশু খ্রীষ্ট, চৈতন্যদেব থেকে সীতা, দ্রৌপদী এমন অনেকে।
আলেকজান্ডার নেপোলিয়নের সাফল্যের পেছনে
যে রক্তাক্ত ইতিহাস আছে, তা কি ভোলা যায়?
ভোলা যায় কি হিটলার মুসোলিনির অত্যাচার?
গণতন্ত্র হোক বা রাজতন্ত্র, ক্ষমতার নেশা বীভৎস–
সে নেশায় শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তিও
রক্তক্ষয়ের কোনো বিরোধিতা করবে না;
ক্ষমতার শীর্ষে থাকা নেতা আমজনতাকে ভয় দেখাবে।
ভয় দেখায় ধর্ম, পোশাক ভাষা এমনকি ছোট চোখ নিয়েও…
আর সমাজের বুদ্ধিজীবীরা দুভাগে বিভক্ত হয়ে তামাশা দ্যাখে।
কেউ কেউ তাবেদারিও করে, কেউ আবার চুপ থাকে ভয়ে;
হয়তো তারা সকলেই এই দিন বদলের স্বপ্ন দ্যাখে..
কিন্তু আমাদের বেশিরভাগেরই মানসিকতা বদলায় না;
তাই শেষ পর্যন্ত সব পথ সেই একই পথে গিয়ে মেশে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *