জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রামপুরহাট কলেজের বাংলা বিভাগের উদ্যোগে, কলেজ কর্তৃপক্ষের সক্রিয় সহযোগিতায় কলেজ প্রাঙ্গনে পালিত হয় আন্তর্জাতিক ভাষা দিবস। উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে শহীদ বেদীতে মাল্যদান করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।
কলেজের ছাত্রছাত্রীদের পরিবেশিত উদ্বোধনী সঙ্গীত “আমার ভাইয়ের রক্তেরাঙা ২১ শে ফেব্রুয়ারী” ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. বুদ্ধদেব মুখার্জী স্বাগত ভাষণে আজকের দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। বাংলা বিভাগের অধ্যাপক ড. বাসুদেব সরকারের ‘বাংলা ভাষা : আশা এবং আশঙ্কা’ বিষয়ে সুদীর্ঘ বক্তব্য উপস্থিত শ্রোতাদের মনে গভীর প্রভাব ফেলে। অনুষ্ঠানের শেষে বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা বিষয়টি নিয়ে আলোচনায় মেতে ওঠেন। অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি অধ্যাপিকাদের অনেকেই কবিতা পাঠ করেন ও সঙ্গীত পরিবেশন করেন। অবশেষে নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সবমিলিয়ে এক অসাধারণ অনুষ্ঠানের সাক্ষী থাকার সুযোগ পান কলেজের ছাত্রছাত্রী সহ অন্যান্যরা।
এর আগে বাংলা বিভাগের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়।

