আমার বাবাই শ্রেষ্ঠ

তিতলী রায় (কলকাতা)

তুমি বাবা শক্তি মোদের মাথার ছাতা যেনো
ঝড় বাদল নয় তো শুধু বিপদের তুমি ঢাল,
আদর্শ আমার জীবনের তুমি তুমিই পথের দিশা
সংসারের সব ভরনপোষণের ধরে থাকো তুমি হাল।

নিত্য নতুন আবদার সব হাসিমুখে মেনে নেয়
হাজার কষ্ট পেলেও তুমি হাসিমুখে সব নাও মেনে,
আমার জীবনে দেখা আদর্শ পুরুষ বাবা তোমাকেই মানি
দিনের শেষে ক্লান্ত হলেও হাসিমুখে ফেরো সবকিছু জেনে।

নিজের শখ না মিটিয়ে তিলে তিলে অর্থ সঞ্চয়
ভবিষ্যৎ সন্তানের উজ্জ্বল করতে দিনরাত কর কাজ,
মায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে কর কাজ সংসারের
পৃথিবীতে সবার বাবার থেকে আমার বাবা তাই শ্রেষ্ঠ আজ।

ভালো মন্দ সবদিকেই খেয়াল বাবা রাখো
নিজের সুখ না ভেবে পরিবারের সুখ ভাবে
জীবনের লক্ষ্য বাঁচার আদর্শ সবকিছুই বাবা শেখায়
ছাতার মতো ঝড়ের হাত থেকে বাবা-ই বাঁচিয়ে যাবে।

মা জগতে সবার উপরে বাবা নয় কভু পিছে
মা যদি হয় জন্মদাত্রী পিতা পালনকর্তা,
সবকিছুতেই মা’কে আগে রাখে সবাই
বাবা যেন এক যন্ত্রমানব পৃথিবীর বুকে ছাতা।

বাবা মানুষটা বড়ো অভিমানী কেউ তা বোঝে না
শুধু ভাবে সবাই বাবার কর্তব্য অর্থ উপার্জন করা,
সবার প্রয়োজন আবদার সব মিটিয়ে চলে বাবা
বাবারও কিছু শখ আছে যা থেকে যায় অধরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *