আমার মা

ববি সরকার (বারাসত, কলকাতা)

আজ সকাল থেকে অপেক্ষার প্রহর গুনতে গুনতে এক আকাশ অভিমান জমিয়েছেন যিনি তিনি আমার মা।
সত্যিই বড়ো ভুল হয়ে গেছে মা, সকালে সবকাজের আগে তোমাকে ফোন করে মাতৃদিবস এর শুভেচ্ছা জানানো উচিত ছিল আমার।
আজ অন্যদিনের তুলনায় অনেক বেশি ব্যস্ত ছিলাম আমি তাই ফোনটা করতে বেশ খানিকটা দেরি করে ফেলেছি।

কিন্তু তুমিতো জানো না ‘মা’ আজ সকালে আমার মন থেকে বেরিয়ে আসা প্রথম শব্দটা ছিল ‘মা’।এতো সকালে তুমি ওঠোনি ভেবেই অন্য এক মা কে “মা” বলে ডেকে দিনটা শুরু করেছিলাম। আমি যাকেই “মা” বলে ডাকি না কেন তার মধ্যে যে তোমাকেই দেখতে পাই।

আজ বিশেষ দিন তাই একটু বেশিই অভিমান হয়েছে তোমার, তুমি বললে…. আমি তোমাকে ভালোবাসি না, তাই ভুলে গেছি।

জানো মা রোজ সকাল সন্ধ্যা যখন ফুলগাছে জল দেই, তখন বেলী ফুলের গাছটা একটু বেশিই যত্ন করি।এখন রোজ বেলী ফুল ফোটে।আর বেলীফুলের গন্ধে আমি তোমাকে পাই মা। তোমার প্রিয় ফুল ওর গন্ধে তোমার ভালোবাসা অনুভব করি।

রোজ যখন খেতে বসি মনে হয় যেন তোমার কন্ঠ শুনতে পাই মা। তুমি যেন বলছো…”এতো বড়ো হলি এখনো খিদে বোধটা হলো না!” মনে হয় পাশে থাকলে তুমি খাইয়ে দিতে।এই বুড়ো বয়েসেও তোমার হাতে খেতে ইচ্ছে করে মা।

বিকেলের অবকাশে আজো আমি আগের মতোই অগোছালো এলোমেলো চুলে বসে থাকি।বড্ড আলসেমি লাগে।মনে হয় তুমি কাছে থাকলে জোর করে পাশে বসিয়ে চুল বেঁধে দিতে।আর বলতে বিকেলে একটু সেজেগুজে থাকতে পারিসনা, কেমন পাগলীর মতো থাকিস।

আমি যখন কবিতার খাতা নিয়ে বসি মনে হয় তুমি পাশে বসে আছো কি লিখলাম শোনার জন্য। আমি যখন ছবি আঁকতে গিয়ে কিছুতেই মনের মতো রূপ দিতে পারিনা মনে হয় তুমি ছোটবেলার মতো আদর করে বলছো “কাঁদিসনা আবার চেষ্টা কর পারবি”।
রাতে যখন ঘুম আসেনা তখন চোখ বন্ধ করে আমি তোমার স্পর্শটা খুঁজি মা।মনে হয় তুমি যদি একটু কপালে হাত বুলিয়ে দিতে তাহলে শান্তিতে ঘুমিয়ে পড়তাম।

প্রতিদিন এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত কাজে ফাঁকে ফাঁকে তোমাকেই খুঁজি মা।এরপরেও তুমি বলবে আমি তোমাকে ভালোবাসি না,তাই ভুলে গেছি!!!

তুমি আমাকে ঘরকন্না শেখাওনি সেভাবে কিন্তু প্রতিদিন নিজের সৃষ্টির মধ্যে দিয়ে জন্ম নিতে শিখিয়েছ। আমি রোজ রোজ নতুন করে জন্ম নেই।রোজ নিজেকে নতুন করে তৈরি না করলে জীবনযুদ্ধে জয়ী হবো কি করে!
আমার জন্ম মানেই যে তুমি “মা”

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *