রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, বার্ণপুর, পশ্চিম বর্ধমান -:
আসন্ন দুর্গাপুজো ও মহাবীর আখড়া সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে এলাকার উদ্যোক্তাদের সঙ্গে একটি সমন্বয় বৈঠক করেন হীরাপুর থানার পুলিশ প্রশাসন। বার্ণপুরের ভারতী ভবনে আয়োজিত এই বৈঠকে হীরাপুর থানার অধীনস্থ ৯৪ টি অনুমোদিত দুর্গাপুজো কমিটি এবং ১৮ টি মহাবীর আখড়া কমিটির সদস্যরা বৈঠকে অংশগ্রহণ করেন।
পুজো কমিটির পক্ষ থেকে বিভিন্ন সমস্যা যেমন রাস্তা মেরামত, পুজো কমিটির অনুমতিপত্র পাওয়া, নির্বিঘ্নে বিসর্জন, পুজোর সময় কোনো সমস্যা না হওয়া সহ বিভিন্ন বিষয় উত্থাপন করা হয়। আলোচনায় দমকলের পক্ষ থেকে পুজো প্যান্ডেলের উচ্চতা, প্রবেশ ও প্রস্থান গেটের পর্যাপ্ত দৈর্ঘ্য ও প্রস্থ রাখা, পুজো প্যান্ডেলে অগ্নিনির্বাপক সরঞ্জাম রাখা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় পুজোর সময় বিভিন্ন রুটে একমুখী প্রবেশ অধিকার থাকবে না, সন্ধ্যা থেকে ভোর ৪টা পর্যন্ত টোটো এবং বাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর সময় পোলো গ্রাউন্ড, ত্রিবেণী মোড়, রাজস্থান ক্লাব এবং ব্রাঞ্চ গ্রাউন্ডে বিনামূল্যে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে।
ডিসি পশ্চিম সন্দীপ কারা এবং এসিপি ইপ্সিতা দত্ত, অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুজোর সময় প্যাণ্ডেলে সিসিটিভি রাখার পরামর্শ দেন। এছাড়া প্রয়োজনীয় ফ্লেক্স রাখার কথা বলেন। প্রতিমা বিসর্জন ঘাটের সমস্যা সমাধানের বিষয়ে তারা সুস্পষ্ট আশ্বাস দেন। বিসর্জনের সময় বা মহাবীর আখড়ায় ডিজে রাখা যাবেনা। থাকবে না। মহাবীর আখড়ায় কোনোরকম অস্ত্র বের করা যাবেনা। যেহেতু এইসময় পুলিশের ব্যস্ততা চরম পর্যায়ে থাকে তাই উদ্যোক্তাদের স্বেচ্ছাসেবক রাখার পরামর্শ দেওয়া হয়।ডিসপ্লে বোর্ডে আপত্তিকর কিছু লেখা নেই সেই বিষয়ে পুজো কমিটিগুলিকে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়।