আসানসোলে আয়োজিত হলো মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি বৈঠক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী,আসানসোল, ফাইনাল এক্সপোজার:- মাঝে মাত্র কয়েকটি দিন বাকি। ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষার কাউণ্ট ডাউন শুরু হয়ে গেছে। পরীক্ষার্থীদের দম ফেলার সময় নাই।পাশাপাশি প্রশাসনিক স্তরেও শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। এবার পশ্চিম বর্ধমান জেলায় ৮৭ টি পরীক্ষা কেন্দ্রে ৩১ সহস্রাধিক পরীক্ষার্থী পরীক্ষায় বসতে চলেছে। এই বিপুল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ৫ ই ফেব্রুয়ারি আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্যের উপস্থিতিতে তারই কার্যালয়ে একটি প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকে আসানসোল পুরনিগম ও মহকুমার চারটি ব্লকের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের ডিআই (মাধ্যমিক), বিভিন্ন ব্লকের বিডিও, পুলিশের আধিকারিক, স্বাস্থ্য, মধ্যশিক্ষা পর্যদের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক প্রমুখ। জানা যাচ্ছে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য বৈঠকে সবিস্তারে আলোচনা করা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসা ও পরীক্ষার শেষে ফেরার পথে যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে। ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখার জন্য ট্রাফিক গার্ডের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ বন্টনে যাতে কোন সমস্যা না হয় তারজন্য রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আধিকারিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *