রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
শুক্রবার আসানসোলে জেলাশাসকের দপ্তরে বিশাল মিছিল করে মনোনয়ন পত্র জমা দিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের তিন হেভিওয়েট প্রার্থী তাপস ব্যানার্জ্জী, বিধান উপাধ্যায় এবং হরেরাম সিং।
বৃহস্পতিবার সকাল থেকেই আসানসোলে ডিএম অফিসের সামনে তৃণমূলের কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সবুজ আবির ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ব্যান্ড পার্টি এবং দলীয় পতাকা হাতে প্রার্থীরা নিজেদের অনুগামীদের সঙ্গে নিয়ে মনোনয়ন কেন্দ্রে এসে উপস্থিত হন। মনোনয়ন জমা দেওয়ার পর তিন জনকেই জয়ের ব্যাপারে একশ শতাংশ আত্মবিশ্বাসী লাগছিল।
অভিজ্ঞ তাপস ব্যানার্জ্জী জানান, “মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে। তৃণমূল আমলে বিগত বছরগুলোতে এলাকায় যে উন্নয়ন হয়েছে তার নিরিখেই মানুষ আমাদের ভোট দেবেন।”
গত তিনবারের বিধায়ক বিধান উপাধ্যায় চতুর্থ বারের জন্য বারাবনি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নিজের মনোনয়নপত্র জমা দেন। পরে তিনি বলেন, “এইবার জয়ের ব্যবধান আরও বাড়বে। আমার সঙ্গে বারাবনির মানুষে আছেন। বিরোধীরা এখানে খাতা খুলতে পারবেনা।”
জামুড়িয়ার দাপুটে নেতা হরেরাম সিং জানান, “শিল্পাঞ্চলের শ্রমিক ও সাধারণ মানুষ মমতা ব্যানার্জ্জীর উন্নয়নের পক্ষেই রায় দেবেন।”
হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ডিএম অফিসের চারপাশ ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। তবে প্রার্থীদের মিছিলে বিপুল জনসমাগমের কারণে আসানসোল শহরের জিটি রোডের একাংশে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

