আসানসোলে বিজেপির প্রার্থী হলেন এসএস আলুওয়ালিয়া, কটাক্ষ বিরোধীদের

নিজস্ব সংবাদদাতা, আসানসোল, পশ্চিম বর্ধমান:-

অন্যান্য দলগুলো যখন নিজ নিজ দলীয় প্রার্থীকে নিয়ে প্রচারে ব্যস্ত তখনও দলীয় প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় ধীরে ধীরে হতাশা গ্রাস করতে শুরু করেছে বিজেপি কর্মীদের। অবশেষে দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসানসোলের দলীয় প্রার্থী হিসাবে এসএস আলুওয়ালিয়ার নাম ঘোষণা করে। একইসঙ্গে অবসান ঘটে সমস্ত জল্পনার। প্রসঙ্গত তিনিই হলেন প্রথম প্রার্থী যিনি পরপর তিনবার ভিন্ন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিল্লি থেকে আলুওয়ালিয়া বলেন - দল যোগ্য মনে করেছে তাই আসানসোল কেন্দ্রে আমাকে প্রার্থী করেছে। আমি এখন দিল্লিতে আছি। জেলা সভাপতির সঙ্গে কথা বলেছি। বৃহস্পতিবার আসানসোলে আসছি। দলীয় প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে জেলা সভাপতি, জেলা সম্পাদক সহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে বিজেপির নেতা-কর্মীরা আসানসোলের বিভিন্ন জায়গায় দেওয়াল লেখার কাজ শুরু করে দেয়।

এদিকে আসানসোলে বিজেপির প্রার্থী হিসাবে আলুওয়ালিয়ার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে কটাক্ষ করেছে দুই বিরোধী দল তৃনমুল কংগ্রেস ও সিপিএম। তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন- বিজেপি কাকে প্রার্থী করবে সেটা তাদের দলের ব্যাপার। তবে যাকে প্রার্থী করা হয়েছে তিনি গত ৫ বছর দুর্গাপুর-বর্ধমানের সাংসদ হিসাবে এত কাজ করেছেন যে দল তাকে তার পুরনো কেন্দ্রে প্রার্থী করতে সাহস করেনি। যতদূর জানি সেখানে তিনি নিখোঁজ ছিলেন- এটাই আমরা প্রচারে তুলে ধরবো। সিপিএমের পার্থ মুখোপাধ্যায় বলেন- কোন দলের কে প্রার্থী হলেন তা নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই। আমাদের প্রার্থী জাহানারা খান রাস্তায় নেমে অনেক আগে থেকেই প্রচার করছেন। অন্যদিকে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারীর বলেন- আসানসোলে একজন অভিজ্ঞ প্রার্থীর দরকার ছিল। সেটি আমরা পেয়েছি। আমরা খুশি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *