আসানসোলে ৩৫০ কোটি টাকার কেলেঙ্কারি,  অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ বিজেপির

সংবাদদাতা: আসানসোল:- তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা মাইনরিটি সেলের প্রাক্তন সহ-সভাপতি শাকিল আহমেদের ছেলে তহসিন আহমেদের ৩৫০ কোটি টাকারও বেশি চিটফান্ড কেলেঙ্কারি ও টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে এই কেলেঙ্কারিতে জড়িত তিনজনকে গ্রেফতার ও সব পরিবারকে অবিলম্বে টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার বিকেলে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির নেতা ও কর্মীরা বার্নপুরেট চিত্রা মোড এলাকায় রাস্তা অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।

জানা গেছে এই চিটফান্ড কেলেঙ্কারিতে তিন হাজারের বেশি মানুষ সর্বস্বান্ত হয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে দুদিন আগে আসানসোল উত্তর থানার পুলিশ তহসিন আহমেদ, শাকিল আহমেদ ও মহসিন আহমেদের নামে এফআইআর করে। কিন্তু পুলিশ শুক্রবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তিনজনই ফেরার রয়েছেন।

এই বিষয়ে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, এটা নতুন কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলায় বেশ কয়েকটি চিটফান্ড মামলা সামনে এসেছে। যেমন সারদা ও রোজভ্যালি। এরপরে আসানসোলে এতো বড়ো একটা আর্থিক প্রতারণার ঘটনা প্রকাশ্যে এলো। যার মধ্যে সাধারণ মানুষের টাকা জড়িত। ৩ হাজার মানুষের সাড়ে তিনশো কোটি টাকাডুবে গেছে। এখনও কেউ তাদের টাকা ফেরত পাননি।

আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন, তহসিন আহমেদের এই ট্রেডিং ব্যবসার জন্য কোন ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে খোঁজ করে দেখা হবে। তাতে যদি প্রমাণিত হয় যে তিনি অবৈধভাবে ব্যবসা করেছেন, তাহলে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *