অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-:
রটনা ছিল ‘পথশ্রী’ প্রকল্পে কাজ করিয়ে নেওয়া হলেও কোনো অর্থ দেওয়া হবেনা। কিন্তু আসানসোলের জেলাশাসক কার্যালয়ে ‘পথশ্রী’ প্রকল্প নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের কণ্ঠে। তিনি বলেন, ‘পথশ্রী’ প্রকল্পের চতুর্থ পর্যায় শুরু হয়েছে। আগে এই প্রকল্পের আওতায় কেবলমাত্র গ্রামীণ এলাকার রাস্তা থাকলেও এবার এই প্রকল্পে শহরাঞ্চলের রাস্তাও অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা যাচ্ছে ২০৮ কোটি টাকা খরচ করে এলাকায় ৩৬০ টি রাস্তার কাজ হবে।
জেলাশাসক বলেন, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে এই জেলায় গ্রামীণ এলাকার ১৬৫ টি রাস্তার কাজ করার প্রস্তাব উঠলেও জেলা প্রশাসনের তরফে ১৬০ টি রাস্তার কাজ করার প্রস্তাব পাঠানো হয়েছিল এবং তার অনুমোদন পাওয়া গেছে। প্রস্তাবিত এই রাস্তার দৈর্ঘ্য ১৭৬.৫ কিমি. এবং এর জন্য মোট খরচ হবে ৮৮ কোটি টাকা। ইতিমধ্যে ১০৮ টি রাস্তার কাজ শুরু হয়ে গেছে। শহরাঞ্চলের কাজ এমইডি দ্বারা পরিচালিত হবে। আসানসোল পুরনিগম এলাকায় ২৫০ টি কাজ হচ্ছে যার মোট দৈর্ঘ্য প্রায় ২০০ কিমি.। অন্যদিকে, দুর্গাপুর নগর নিগম এলাকায় ১১০ টি কাজ করা হবে যার মোট দৈর্ঘ্য ৬০ কিমি. এই দুই এলাকার জন্য মোট খরচ হবে প্রায় ১২০ কোটি টাকা। আসানসোল পুরনিগমের জন্য রাজ্য সরকার ২৮ কোটি টাকা বরাদ্দ করেছে এবং তিনি বলেন, পথশ্রী প্রকল্পে কাজের জন্য টাকার কোন অভাব হবে না।