এখনই যেতে বোলো না আমায়

সঙ্গীতা কর (কলকাতা)

তুলসী তলার প্রার্থনা এখনো সম্পন্ন হয়নি
জ্বলন্ত প্রদীপের পাদদেশ ছুঁয়ে উজ্জ্বল হয়নি চাওয়া
কাছের কিংবা দূরের মানুষের জন্য উজাড় করা হয়নি শুভেচ্ছা
ভালোবাসা দেবো বলে, যাদের কথা দিয়েছিলাম
সে কথা রাখতে আরো একটু সময় চাই।

এখনই যেতে বোলো না আমায়
কুয়োতলায় বসে আচার খেতে খেতে শীতের মিষ্টি রোদ মাখতে চাই
গাছের ডালে যে পাখি বসে আছে আমাকে গান শোনাবে বলে
ওর গান শুনতে ইচ্ছে করে প্রাণভরে।

এখনই যেতে বোলো না আমায়
এখনো সন্ধ্যা হলে মাদুর বিছিয়ে রূপকথা শুনতে চাই
জাদুকাঠির স্পর্শে বদলে দিতে চাই সব,
ভাঙা চোরা পুরোনো মনটাকে বদলে নতুন হতে চাই
সেই শিশু বেলার মতো বকুল তলায় ফুল কুড়াতে চাই আবার।

এখনই যেতে বোলো না আমায়
আমার রাখাল এখনো রাজপুত্র হয়নি
সে এখনো বাঁচে পোকা ধরা চাল খেয়ে
হয়নি তার একটা পক্ষীরাজ ঘোড়া
আমি সেই গল্পের সার্থক রূপ দেখতে চাই।

এখনই যেতে বোলো না আমায়
মাকে দেওয়া প্রতিশ্রুতি সবটুকু রাখা হয়নি
মাটিতে বসে মায়ের হাতে পান্তা খেতে খেতে কতবার বলেছি
একদিন বড় হয়ে দুঃখ ঘোচাবো তার,
মা আমায় শপথ করিয়েছিলেন দেশের মাটি কে ভালোবাসার
আমি ক্ষুদিরাম হতে চেয়েছিলাম অথচ এখনো সাহস করে বলতে পারিনি অত্যাচারী রাজা নিপাত যাও।

তাই এখনই যেতে বোলো না আমায়
আরো একটু সময় দাও ‘বার্ধক্য’ ঘিরে ধরার আগে
মাঝখানের অবসরে তারুণ্যকে জড়িয়ে ধরে বলবো
এইতো আমার স্বপ্ন সোপান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *