এ শহর জানে…

লিপিমিতা তনুশ্রী (কলকাতা)

শহর সেজেছে আলোকমালার ভিড়ে
পথে-পথে হাঁটা অযুত-নিযুত জন,
এত উৎসব, এত কলতান, এত ব্যস্ততা
জীবন-জীবিকা, কিছু ছুঁয়ে থাকা—
রোজনামচায় ধোঁয়া ওঠা চা,
তবু কেন ‘একা ‘ বুঝেছ কি তা?
কখনো ব্যাকুল, কিছু বোঝাপড়া
কঠিন অসুখ, কিছু আবিলতা।

শহর জানে কি এত মানুষের কথা?
পাশাপাশি হাঁটা তবু কত নীরবতা,
বুকের খাঁজে শীতঘুমে থাকা
নির্মোক যত আশা-প্রত্যাশা!
সময়ের ফেরে পাতা ঝরে যাওয়া
সময়ের ফেরে কিশলয়-গীত গাওয়া।

এ শহর জানে তোমার-আমার কথা
এ শহর জানে সদ্য-জন্মকথা
এ শহর জানে গঙ্গার বুকে অস্থি-ভাসানো
চিরশয়নের বিচ্ছেদ আকুলতা।
এ শহর জানে কথা দেওয়া-নেওয়া
চোখে-চোখ রাখা হৃদয়ের চুপকথা।
এ শহর জানে উষ্ণ পরশে হাতে-হাত রাখা
ঠোঁটে ঠোঁট ছুঁয়ে নিদারুণ নিবিড়তা,
এ শহর জানে না-বলা কথার ভিড়ে
কত দেহ-মন নীরব সমর্পণে—নিভৃত অশ্রুলেখা!
এ শহর জানে মন বদলের খেলা
এ শহরের বুকে মুখ-মুখোশের মেলা!
প্রেম সঁপে দিশাহারা, হায় রে তিলোত্তমা
কত ঠোকাঠুকি মান-অভিমান পালা!
এ শহর জানে তাঁর বুকে আঁকা
রাজপথ থেকে অলিগলি —
গহীন গোপন কত ব্যথা, কত স্মৃতি
মৌনমুখর জীবনের জলছবি!

তবুও সে সাজে নীল নিয়নে, আলোকমালার ডোরে
সোনালি-রূপালি মাছেদের খেলা রঙিন জলস্রোতে!
শুধু কি আর আলোকমালা! পুড়তে থাকে তিলোত্তমা —
দহন-জ্বালা সয়েই তবে আলোকদানে মাতে!
হায় রে শহর, হায় রে জীবন, এত জনস্রোত
তবু কেন একাকীত্ব প্রতিনিয়ত বেঁচে থাকা হররোজ!!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *