সুলেখা চক্রবর্তী, হাওড়া:- জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বাগনান যুবক বৃন্দের উদ্যোগে রবিবার নেওয়া হলো এক অভিনব উদ্যোগ। কচ্ছপ সংরক্ষণ, পরিবেশ ও জলাভূমি রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য করা হলো একটি সাইকেল র্যালি ও পরিবেশ সচেতনতা শিবির। এদিন চিপকো আন্দোলনের নেতৃত্ব সুন্দরলাল বহুগুণা, বাঙালি পতঙ্গবিদ গোপালচন্দ্র ভট্টাচার্য, বিখ্যাত বন্যপ্রান সংরক্ষনকারী ডঃ জেন গুডডল্, স্টিভ আরউইনের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠান শুরু হয়েছিল। বাগনান লাইব্রেরী মোড় থেকে শুরু হয়ে সমগ্র বাগনান স্টেশন রোড প্রদক্ষিণ করে সাইকেল র্যালি টি। সমস্ত সাইকেল আরোহীদের পরনে ছিলো কচ্ছপ,পরিবেশ ও জলাভূমি বাঁচানোর বার্তা ।

অনুষ্ঠান টিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা বন বিভাগের বিভাগীয় বনাধিকারিক সুজিত কুমার দাস, সহকারি বনাধিকারিক কমল সাহা, রেঞ্জ অফিসার এষা বসু, বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমীর সামন্ত, পঞ্চায়েত প্রধান বিকাশ চৌধুরী, সাধনা মালিক, সরীসৃপ বিশেষজ্ঞ অনির্বাণ চৌধুরী প্রমুখ।
বিভিন্ন জেলা থেকে আগত পরিবেশ কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়। অতিথিরা সবাই তাদের বক্তব্যে কচ্ছপ, পরিবেশ ও জলাভূমি বাঁচানোর বার্তা দেন। এদিন বন বন্যপ্রাণী সংরক্ষণকারী চিত্রক প্রামানিকের বক্তব্য সকলের মন ছুঁয়ে যায়।