কবি

বাণী চক্রবর্তী (ভিলাই, মধ্যপ্রদেশ)

বাজাও কবি.. বাজাও তোমার মোহন বাঁশি!
স্তব্ধতার ওপার থেকে মিহি কুয়াশার মত
ঝরুক সে সুর।
সকালের কিশোরী রোদ গলিয়ে আসুক
জানালার শিক।
দুঃখ মাখানো ঝরা পাতাগুলো
নিমেষে যাক উড়ে।
ভর-দুপুরে ইলশেগুঁড়ি হোক
রামধনু রঙ ছড়াক আকাশ জুড়ে।
শালবনের মাথার ওপর থমকে
দাঁড়াক সাঁঝতারা।
পূর্ণিমা উঠুক জেগে , মায়াবী রাতে
আলো জ্বালুক জোনাকিরা!
সাঁতার কাটুক কবিতারা সব
বাঁশির সুরে মাতোয়ারা!
বাজাও কবি.. বাজাও মোহন বাঁশি
অগ্নিবীনা পাশেই থাকুক
ঠোঁটের কোণে বকুল হাসি!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *