কবিতার ঘরে শূন্যতা

ছবি বিশ্বাস (নদীয়া)

কবিতায় সেই বসন্ত কোথায়
দোলা তো দেয়না মনের অভ্যন্তরে,
চাঁদের গোলাপী চুম্বনে কেন আর কবিতারা
শয্যা ছাড়ে না জ্যোৎস্না উঠোনে।

কারণ সেই ‘সহজ’ শব্দটি
আজকাল কবিতায় খুঁজে পাওয়া যায় না,কবির পান্ডিত্য আর অহংকার একসাথে জুড়ে ভীষণ কম্প দিয়ে দুর্বোধ্য উচ্চারণের জ্বরে আক্রান্ত
কবিতা।

জ্যোৎস্নাময় রাতের আকাশ জটিল,
কান পাতলেই এখন আর শুনতে পাওয়া যায় না
থৈ থৈ জলে কলকল শব্দ,
শনশন বাতাসে গুনগুন গান।

প্রেম ভালোবাসা, দুঃখ বেদনার, স্বপ্ন, প্রতিবাদের সহজ ভাষা গুলো কে ভিতরে ঠেলে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে ।

আজ কবিতারা ক্লান্ত অবসাদ
কপাল জুড়ে চিন্তার ঘাম,
এই বুঝি কবিতারা ডুবে যায় ব্যর্থতার কলরবে।
কবিতার রমণী দীঘল চুল
ভেজাবে না আর সূর্য স্নানে।

কবি হতাশার মুখোমুখি হয়ে-নাকি আনন্দ উল্লাসে,
ব্যর্থ বিষণ্নতায় খুঁতখুঁতে চোখ নিয়ে হেঁটে যায় স্মার্টফোনে।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *