কবিতা:- কাগজের নৌকা

শিবানী চ্যাটার্জ্জী (উত্তরপাড়া)

তুই কি এখনো কাগজের নৌকা বানাস??
জলে ভাসাস?
নৌকার গায়ে নাম লিখিস ??
প্রেমের তরী, প্রেমের ভেলা,রাগ অনুরাগ, সবুজ প্রেম আরো কত ছিল তোর মাথায়।
এক একদিন এক একটা নৌকা বানিয়ে ছাড়তিস বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে…
আর উল্টোদিকের বারান্দায় আমি দাঁড়িয়ে।
আমি পারতাম না তখন বানাতে,
তাই বাদামের খোসাগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলতাম তোর নৌকা দেখে।
আজ ও ভাসাস নৌকা এই ভারী বর্ষায়??
ডুবে যায় না?
মনে পড়ে ,ডুবে গেলে তোর মন খারাপ হোত কেমন!!
আর আমি হো হো করে হেসে উঠলাম।
মা ডাক দিত ভিজবি না, তবুও দাঁড়িয়ে থাকতাম তোর বানানো নৌকা দেখতে।
তখন বুঝতাম না কিছুই…
শুধুই ভালোলাগা ছিল জানিস।
আজ ভারী বর্ষায় ভেসে উঠছে তোর মুখ আর তোর কাগজের নৌকা প্রেমের তরী।
আয় না একবার আমরা এই বয়সে দেখা করি,
সবাইকে নিয়েই আয় আমার বাড়ি ‘সুখের ঘরে’।
হৃদয় দুয়ার খুলে…
তোর ভালো লাগবে দেখিস।
পরিণত বয়সে না হয় আবার দুজনে বানাবো কাগজের নৌকা…
দেখবে তোর আমার বাড়ির সবাই খুশিতে ভরে,
তুই আমি বারান্দায় দাঁড়িয়ে দেখব নৌকা প্রেমের তরে।
নামটা থাকবে সেই প্রেমের তরী কিন্তু।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *