কাঁকসার দানবাবা মেলা, ধরা পড়ল সম্প্রীতির ছবি 

কাঁকসার দানবাবা মেলা, ধরা পড়ল সম্প্রীতির ছবি 

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

          কথিত আছে ১৮০০ সালের শেষ লগ্নে সৈয়দ পাহাড়ি শাহ কাঁকসার বিভিন্ন প্রান্ত ঘুরে ঈশ্বরের বাণী প্রচার করতেন। যে মাজারের মধ্যে তাঁর সমাধি আছে সেখানেই তিনি থাকতেন।সাধারণ মানুষ নিজের দুঃখ কষ্ট নিয়ে মাজারে গিয়ে তার কাছে প্রার্থনা করলে অনেকেই নাকি ফল পেয়েছেন। ধীরে ধীরে লোকমুখে তাঁর অলৌকিক শক্তির কথা ছড়িয়ে পড়ে। সেখানে বাড়তে থাকে মানুষের ভিড়। এলাকার মানুষ মনে করেন তিনি আজও জীবিত রয়েছেন এবং মানুষের সেবা করছেন। অনেকেই তাঁর মাজারের পাশে গোলাপ জল, গোলাপ ফুল, নকুল দানা এবং ধুপ দিয়ে যান, সমাধির উপর নতুন চাদর ঢাকা দেন। উরস উৎসব উপলক্ষ্যে প্রতিবছর মার্চ মাসে বসে মেলা। দেখতে দেখতে সেই মেলা এইবার ৭৮ তম বছরে পদার্পণ করল। 

        স্থানীয়রা জানিয়েছেন, তিনি মানুষকে দান করতেন বলে এলাকার মানুষ তাঁকে ‘দানবাবা’ বলে ডাকতেন এবং সেই নামেই তিনি পরিচিতি লাভ করেন। দানবাবার উরস উৎসব শুধুমাত্র একটি ধর্মের মধ্যে নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষ এই উৎসবে সামিল হন এবং সম্প্রীতির মিলন ক্ষেত্র হয়ে ওঠে।

        আস্থার উপর ভর করে প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এই মেলায় ভিড় জমান। মেলার শেষ তিন দিন ধরে কাওয়ালী গানের এবং বিচিত্রা অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *