আসানসোলের সিধু কানু বাস স্ট্যান্ড পরিদর্শনে জেলাশাসক

কৌশিক মুখার্জী: আসানসোল:-

         দীর্ঘদিন আগে তৈরি হলেও আসানসোলের কালিপাহাড়ীর সিধু কানু নামাঙ্কিত এসবিএসটিসি     বাসস্ট্যান্ডে দেখা যায় নানান পরিকাঠামোগত সমস্যা। বাসস্ট্যান্ডের মধ্যে বাস দাঁড় করানোর মত উপযুক্ত জায়গা গড়ে ওঠেনি। আছে রাস্তা, আলো, জল সরবরাহ, বাস কর্মীদের জন্য রেষ্ট রুমের অভাব ইত্যাদি। ফলে এখনো সেখান থেকে কোনো সরকারি বাস ছাড়ছেনা। যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। বাসস্ট্যান্ডটি চালু করার জন্য অতীতে বেশ কয়েকবার প্রশাসনিক বৈঠক হলেও অবস্থার পরিবর্তন হয়নি।

       এই পরিস্থিতিতে ২১ শে জুন সকালে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পন্নাবলমের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের টিম বাসস্ট্যান্ডটি পরিদর্শন করতে যান। উপস্থিত ছিলেন মহকমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য্য, এসবিএসটিসির এমডি এবং  ট্রাফিক, এনএইচএআই, আড্ডার বিভিন্ন আধিকারিক সহ আসানসোল পৌরনিগমের একাধিক কাউন্সিলর। সবকিছু তারা খতিয়ে দেখেন।

       পরে জেলাশাসক বলেন, কালিপাহাড়ীর সিধু কানু বাসস্ট্যান্ডের বেশ কিছু কাজ এখনো বাকি আছে। সেগুলি দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এখান থেকে কোন কোন রুটের বাস ছাড়া হবে সেই বিষয়ে পরবর্তীকালে  বৈঠক করে এসবিএসটিসির এমডি সিদ্ধান্ত নেবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *