সুনন্দা হালদার (কলকাতা)

কিছু কথা হোক সর্বজনীন,
কিছু কথা হোক একান্তে;
কিছু কথা হোক এলোমেলো-
সব গুছিয়ে নেবো দিনান্তে।
কিছু রং থাক সবার প্রিয়,
কিছু রং থাক শুধু আমার;
কিছু অভিমান থাক রঙিন,
যা রাঙাবে কেবল তোমায়।
কিছু স্বপ্ন থাক জড়িয়ে পৃথিবী,
কিছু স্বপ্ন থাক তোমাকে নিয়ে;
যে স্বপ্নজালে বন্দী সকল আশা,
বাঁচে নিশিদিন সপ্তডিঙা বেয়ে।
কিছু ভালোবাসা বাঁধুক সবারে,
কিছু ভালোবাসা বাঁধুক আমার;
যে ভালোবাসার লক্ষ্য একটাই-
ভরাবে শূন্য হৃদয় শুধু তোমার।