কেউ কথা রাখে না

তন্দ্রা বোস (মেমারি)

সুনীল বাবু আপনি ঠিক বলেছেন
সত্যি “কেউ কথা রাখেনি”
যে প্রেমিক বলেছিল তোর জন্য এক দুই নয় সাত জন্ম অপেক্ষা করবো —
সে আজ নাতি নাতনি নিয়ে দিব্যি সুখে করছে ঘর
পিতৃসম নবীন কাকু বলেছিল – চিন্তা কি মা আমি আছি তো
দুর্দিনে টাকার ব্যবস্থা করতে নাহয় —
বসত বাড়িটা —
কথা রাখতে পারেনি
তার সাত শরিকের গররাজিতে
সে যাক গে গিয়ে
যে মামা বলেছিল ওরে বিয়েতে ভালবাসা নষ্ট হয়
দূরে থাকলে প্রেম অটুট থাকে
বাবার দেখা ছেলেকে বিয়ে করে নে
দেখবি খুব সুখি হবি আমরা পাশে আছি
অন্ধকারে হাতড়ে বেড়াই
কেউ কোথাও নেই
সবই ফাঁকি
যে বাবা বলল চিন্তা করিস নে মা
সব ঠিক হয়ে যাবে আমার কাছে আয়
না তাকেও সময় কথা রাখতে দেয়নি
কথা রাখার কথাটাই কেমন সোনার পাথর বাটির মতো শোনায় আজকাল
“কেউ কথা রাখেনি” কেউ কথা রাখে না।
বন্ধু সেও কথা দিয়েছিল সাথে থাকবে
মাঝপথে চলে গেল সে —
কিন্তু দেখো আমি কেমন বোকা
আজও কথা রেখে চলেছি
ওই যে গগনভেদী বাদল দিনে
তোমার সঙ্গে সংগোপনে
হাতের প’রে হাতটি রেখে
কথা দিয়েছিলাম কখনও ছেড়ে যাব না – মৃত্যু যদি দরোজায় এসে না কড়া নারে
প্রমিস করছি এই তোমাকে ছুঁয়ে
তবে তুমি কথা দাও মৃত্যু এলে
তুমি সমাধি সাজিয়ে দেবে জুঁই ফুলে জুঁই ফুলে
দেখো এই কথাটা রেখো কিন্তু —
এমনি বললাম —
আসলে কেউ কথা রাখে না —–।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *