খিদে

শারদীয়া সান্যাল (কলকাতা)

নিকানো উঠোনের কোণে লকলকে আগুনের শিখায়
টগবগে ফুটন্ত ভাতের গন্ধ;
আর দাওয়া জুড়ে লাউ মাচায়
লকলকে শিরা উপশিরায় জড়ানো
মসৃণ কচি লাউয়ের এক অদ্ভুত আকর্ষণ।

কচি লাউ ডগা আর লকলকে আগুনে ফুটন্ত ভাত
নিরন্ন কামীন ব‌উটির শরীরে লকলকে খিদের জন্ম দিচ্ছে;
সে লোভাতুর চোখে তাকিয়ে আছে…
তাকিয়েই আছে…

শহরের বাবু তেলের সঙ্গে শীতের রোদ মাখতে মাখতে
কামীন ব‌উটির কালো পাথর কোঁদা শরীরে চোখ বোলাচ্ছে…
বোলাতেই থাকছে…

লকলকে লাউডগার মতোই ঐ কামীন শরীর
কালো রঙের শরীরী বিভঙ্গ তীব্র খিদের জন্ম দিচ্ছে।
সে চেখে দেখার ইচ্ছেয় লোভাতুর দৃষ্টিতে
এগিয়ে যাচ্ছে…
এগিয়েই যাচ্ছে….

বাবু ক্ষুধা নিবৃত্তির পরিতৃপ্ত সুখটানে মত্ত!
আর কালো ব‌উটা
নিরন্ন শরীরের বিকিকিনি সেরে
পোড়া ভাত ফেলে নতুন ভাত বসাতে ব্যস্ত।

চকচকে চোখ দেখছে ভাতের মধ্যে চারটে ডিম আর আলু টগবগ করছে…
দুটো অভুক্ত শিশুর পেট ভরার আনন্দের ভাবনাতে
কামীন মুখটা ঝলমল করছে…
ঝলমল করেই যাচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *