খুকুর ছুটি

মধুছন্দা গাঙ্গুলী (কলকাতা)

জুঁই, বেলি আজ ভীষণ খুশি
হাসছে হাসনুহানা,
আজ যে খুকুর ছুটির দিন
সবার আছে জানা।
গাঁয়ের বাঁকে শীর্ণ নদী
বাঁধা বিঘ্ন ভুলে
আপন ছন্দে মাতছে কেমন
কলকল রব তুলে।
আসবে খুকু সদলবলে
বসবে পরীর মেলা,
জলকেলিতে মাতবে সবাই
জমবে দুপুরবেলা।
গাঁয়ের মাঠে বিছিয়ে দিয়ে
জ্যোৎস্নারঙা চাদর,
আসবে খুকু জড়িয়ে বুকে
করবে ভীষণ আদর।
মধুর সুরে ঝিঁঝিঁরা সব
ধরবে মিঠে তান,
জোনাক তার অলোর ছটায়
আনবে আলোর বান।
অপেক্ষাতে বসে সবাই
সারা বছর ধরে…
হবে ছুটি, আসবে খুকু
নেবে আপন করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *