রমেশ রায়, দক্ষিণ ২৪ পরগনা:- গঙ্গাসাগর এলাকার বিষ্ণুপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এক গৃহস্থের বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা বিমোলেন্দু জানার বাড়িতে গতকাল সন্ধ্যায় হঠাৎই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে থাকে।
আগুন দেখতে পেয়ে এলাকাবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নিজেদের উদ্যোগেই আগুন নেভানোর কাজে হাত লাগান। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ বাড়িটি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় বাড়ির ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে পাশের বাড়ির এক প্রতিবেশী গুরুতর আহত হন। তাঁকে দ্রুত সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আগুন পাশের আরও একটি বাড়িতে ছড়িয়ে পড়ে এবং সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি মুহূর্তের মধ্যে সর্বস্বান্ত হয়ে পড়ে। পরনের পোশাক ছাড়া ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে সাগর ব্লক প্রশাসন-এর পক্ষ থেকে ত্রাণসামগ্রী প্রদান করা হয়। সকালে সাগর পঞ্চায়েত সমিতি-র সহ-সভাপতি স্বপন কুমার প্রধান ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও গঙ্গাসাগর কোস্টাল থানা-র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।
প্রাথমিকভাবে এলাকাবাসীদের অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।
