সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান -:
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ ‘সার’কে সামনে রেখে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার মাধ্যমে বিজেপির বাংলা দখলের চক্রান্তের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। তারা আহ্বানে সাড়া দিয়ে জাতীয় ভোটার দিবসে বাংলার ভোটাধিকার রক্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে গুসকরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গুসকরা বাসস্ট্যান্ডে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অভেদানন্দ থান্দার, আউসগ্রাম- ১ নং তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি শান্তা প্রসাদ রায়চৌধুরী, প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলার, সমস্ত শাখা সংগঠনের পদাধিকারী, গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মল্লিকা চোংদার সহ অসংখ্য তৃণমূল কর্মী ও জেলা নেতৃত্ব। সভায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মত। সভায় বিভিন্ন বক্তা ‘সার’-এর নামে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। ‘যতই করো হামলা; আবার জিতবে বাংলা’ স্লোগান ওঠে।
বিধায়ক বলেন, রাজনৈতিক মঞ্চে বারবার তৃণমূলের কাছে পরাস্ত বিজেপি বুঝতে পারে এবারও আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের জয়ের কোনো সম্ভাবনা নাই। নির্বাচনে অংশগ্রহণে ভোটারদের উৎসাহিত করার পরিবর্তে বিজেপি জাতীয় নির্বাচন কমিশনের মাধ্যমে রাজ্যের মানুষকে যেভাবে হেনস্থা করছে তা এর আগে কখনোই দেখা যায়নি। আসলে বিজেপি বুঝতে পেরেছে এইরাজ্যে তারা সফল হতে পারবেনা। তাই তারা এই ঘৃণ্য পথ বেছে নিয়েছে। বিজেপির ষড়যন্ত্র ব্যর্থ করতে আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন জানান।