ঘন শ্রাবণ ধারা

মায়া ঘোষ মাইতি (কলকাতা)

আকাশ জুড়ে মেঘের আঁচল
করে আনাগোনা,
সূয্যি মামার নাইকো দেখা
মেঘের সামিয়ানা ।

আকাশভেদী গুড়ুম গুড়ুম
ঝলসে ওঠা আলো ,
ঝম ঝমাঝম বারিষ ঝরে
নীলাম্বরী কালো ।

পাখপাখালি আতান্তরে
উড়তে ওদের মানা ,
কোনো মতে আশ্রয় খোঁজে
ভিজতে থাকে ডানা ।

পথে ঘাটে জল থইথই
বাদল অফুরান ,
হাঁটুর সমান জল পেরিয়ে
পথচারী যান ।

তোড়জোড় শুরু মাঠে মাঠে
কিষান ধরে গান ,
মনটি দিয়ে চাষের কাজে
ফলবে সোনার ধান ।

সবুজ শ্যামল শস্য আনে
ঘন শ্রাবণ ধারা,
দু কূল ছাপা খাল বিল নদী
যেন পাগল পারা ।

বর্ষা রানীর পায়ের নূপুর
রুনু ঝুন বাজে ,
বাদলা দিনে মনটা বড়ই
উদাস লাগে কাজে ।

কোথাওবা বন্যার বিপদ
শ্রাবণ অঝোর ধারা,
দুর্ভোগ আর হয়রানিতে
বিপদ করে সারা ।

তবুও শাওন প্রাণের সাড়া
নব জীবন ডাকে,
প্রকৃতি জাগে বর্ষা রানী
সবুজ এনে ঢাকে ।

খর গ্রীষ্মের সব মনস্তাপ
বৃষ্টি জলে ধোওয়া ,
সৃষ্টি নিয়ে বৃষ্টি আসে
নতুন সুরের ছোঁয়া ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *