কাজল মিত্র: চিত্তরঞ্জন:- চিত্তরঞ্জন থানার উদ্যোগে আজ ১ মার্চ থানা এলাকার শতাধিক দুঃস্থ মহিলার হাতে শাড়ি তুলে দেওয়ার পাশাপাশি ১০ জন ব্যক্তিকে মশারি দিয়ে সহযোগিতা করা হয়। থানা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত হয়েছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (কুলটি) জাবেদ হোসেন। এছাড়াও ছিলেন সমাজকর্মী অমিত চক্রবর্তী, শ্রমিক নেতা ইন্দ্রজিৎ সিং, তৃণমূল নেতা তাপস ব্যানার্জি সহ অন্যান্যরা। প্রসঙ্গক্রমে বিধান উপাধ্যায় বলেন একটা সময় পুলিশকে দেখলে মানুষ ভয় পেতেন, কিন্তু এখন পুলিশের গাড়ি দাঁড় করিয়ে সাধারণ মানুষ স্বচ্ছন্দে অভিযোগ জানান, তাদের নিজেদের কথা বলেন। এটা পুলিশ এবং প্রশাসনের সাধারণ মানুষের সঙ্গে সহজ সম্পর্কের উদাহরণ। এই আয়োজন পরিচালনা করতে গিয়ে চিত্তরঞ্জন থানার ইন্সপেক্টর ইনচার্জ ইসমাইল আলি বলেন পুলিশ সবসময়ই চেষ্টা করে সমাজের পাশে দাঁড়াতে। চিত্তরঞ্জন থানা বছরের বিভিন্ন সময়ে নানাভাবে দুঃস্থ মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তিনি সেই সব মানুষজনকে ধন্যবাদ জানান যারা পুলিশের কাজে সব সময় ইতিবাচক ভূমিকা পালন করেন। চিত্তরঞ্জন থানার এই প্রয়াসকে সাধুবাদ জানান এসিপি (কুলটি) জাবেদ হোসেন।

Posted inআসানসোল
