রাকেশ লাহা জামুড়িয়া,পশ্চিম বর্ধমান :-
আগামী বছরই বিধানসভা নির্বাচন। তার আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। শাসক এবং বিরোধী দল গুলির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্য। আর সেই আবহেই এদিন পশ্চিম বর্ধমান জেলায় এসে হাজির হলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। এদিন জেলার আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত জামুরিয়া বিধানসভার জামুরিয়া টাউন হলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, বিধায়ক ডঃ অজয় পোদ্দার, লক্ষ্মণ ঘোড়ুই, কৃষ্ণেন্দু মুখার্জি, কৃষ্ণ প্রসাদ, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, জামুরিয়া থেকে আসা প্রবীণ বিজেপি নেতা, ডঃ বিজন মুখার্জি, সন্তোষ সিং, সকল মণ্ডল সভাপতি এবং এই অঞ্চলের বিপুল সংখ্যক তরুণ বিজেপি কর্মী।
এদিন মঞ্চে উঠতে শুভেন্দু অধিকারী বর্তমান রাজ্য সরকারের দুর্নীতির বিষয় সামনে আনে সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীদের সামনে। পাশাপাশি জামুরিয়ার বিভিন্ন এলাকা জুড়ে চলা মাফিয়া রাজ এবং সিন্ডিকেটের বিষয়েও মন্তব্য করেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, যদিও পশ্চিমবঙ্গে চলমান SIR প্রক্রিয়া শেষের দিকে, এবং মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে, তবুও বিজেপি কর্মীদের এখনও সতর্ক থাকতে হবে, কারণ তৃণমূল এখনও ভোটার তালিকা কারচুপির চেষ্টা করবে। বিজেপি কর্মীদের উৎসাহিত করে তিনি বলেন যে তাদের এভাবেই কাজ চালিয়ে যাওয়া উচিত এবং ১৪ ফেব্রুয়ারির পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর, তিনি এখানে এসে বিজেপি কর্মীদের সাথে লিট্টি চোখা পার্টি উদযাপন করবেন।
অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগে কাজী নজরুল ইসলামের কারণে জামুরিয়া সারা বিশ্বে পরিচিত ছিল, কিন্তু এখন জামুরিয়া অবৈধ কার্যকলাপের জন্য পরিচিত হয়ে উঠেছে। তিনি বলেন, তৃণমূল নেতাদের সরাসরি সহায়তায় জামুরিয়ায় বেআইনি কার্যকলাপ চলছে, কিন্তু তাদের থামানোর সাহস নেই প্রশাসনের ।
তিনি বলেন, আজ জামুরিয়া শিল্প তালুক এলাকার কারখানাগুলিতে কারখানার মালিকরা শ্রমিকদের বঞ্চিত করছে।
জিতেন্দ্র তিওয়ারি প্রতিশ্রুতি দেন যে আগামী বছর বাংলায় বিজেপি সরকার গঠন হলে শ্রমিকদের তাদের অধিকার দেওয়া হবে।
অন্যদিকে অনুষ্ঠানের শেষে শুভেন্দু অধিকারীর ভাষণ থেকে উঠে আসা চোর হাঁটাও বাংলা বাঁচাও স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিল্পাঞ্চল জামুড়িয়া।