বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- সোমবার কার্তিক সংক্রান্তির দিন সকালে ডায়মন্ড হারবার বাউল ফকির অনুরাগী বৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হল নগরকীর্তন ও পদযাত্রা।সূত্রে পাওয়া খবর,নগরায়নের দ্রুত গতির যুগে চৈতন্য মহাপ্রভুর প্রেম, ভক্তি এবং মানবতার বাণীকে মানুষের কাছে নতুনভাবে পৌঁছে দিতে এই বিশেষ আয়োজনের উদ্যোগ নেন স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও বাউল, ফকিরি গানের শিল্পীরা।এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে ভক্তদের সমাগম দেখা যায়। একতারা, দোতারা, গুপগুপি, করতাল আর মৃদঙ্গের তালে তালে কীর্তনের শোভাযাত্রা এগিয়ে যায় প্রধান সড়ক ধরে। বাউল ও ফকিরি শিল্পীরা নিজেদের স্বকীয় সুরে প্রেম, সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন অংশগ্রহণ কারীদের মধ্যে। পথচলতি মানুষজনও কীর্তনের মুগ্ধ সুরে আকৃষ্ট হয়ে শোভাযাত্রায় সামিল হন।আয়োজকদের মতে, দ্রুত বদলে যাওয়া সমাজে মানুষের ভেতরের মানবিকতা, ভালবাসা ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত রাখতেই এই উদ্যোগ। তারা জানান, চৈতন্য মহাপ্রভুর প্রচারিত সার্বজনীন প্রেমভাব আজও সমানভাবে প্রাসঙ্গিক, আর তাই তাকে কেন্দ্র করে এমন সাংস্কৃতিক কর্মসূচি ভবিষ্যতেও আয়োজন করা হবে। নগর কীর্তন শেষে নদীর ধারে সমবেত গানে অংশ নেন শিল্পী ও ভক্তেরা। দিনের শেষে ডায়মন্ড হারবারের বাতাসে ভেসে বেড়ায় বাউলয়ানা আর ভক্তির সুর, যা অংশগ্রহণ কারীদের মনে দীর্ঘদিন ধরেই অনুরণিত হবে বলে মনে করেন তারা।
Posted inজেলার আপডেট