টিনেজার

বানী পাল (জলন্ধর, পাঞ্জাব)

প্রায় উনিশ বছর পর
আবার স্কুলের পাশ দিয়ে হাঁটছিলাম,
গেটের দিকে চোখ পড়তেই
সবুজ মাঠের স্মৃতি এসে ছুঁয়ে গেলো।

দু এক পা এগিয়ে ভিতরে গেলাম
ক্লাস’ঘর অফিস’ঘর সব একই আছে
ক্লার্ক দাদা একজন আছে একজন রিটায়ার্ড
সেই শোরগোল সেই খুনসুটি কিছুই বদলায়নি
শুধু তুই নেই, আমি নেই, আর সেও নেই…
আমার প্রথম প্রেম – ব্যাকরণের মাস্টার মশাই।

ক্লাস টেনের পর বিদায় নিয়েছিলাম
আজ সেই শ্রেণিকক্ষেই চোখ দুটো ভিজে গেলো
ঐতিহাসিক ব্ল্যাকবোর্ড আর আদিম চকের গুঁড়ো,
ধুলোমাখা হাইবেঞ্চ ও ছেঁড়া চিঠির পাতাগুলো,
ক্লাস ক্যাপ্টেনের নোটবুক, টিফিনে ছুটির শাস্তি,
সবই তো আছে, শুধু সময়টাই দ্রুত পাল্টে গিয়েছে।

টিনেজার চিত্তচাঞ্চল্য
এতো সহজে ভোলা যায় নাকি?
আমিও আছি, তুইও আছিস, হয়তো সেও আছে
তবে টিনেজার আবেগ, আমরা ফেলে এসেছি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *