তুমি কি আসবে ফিরে?

জয়া সান্যাল (কলকাতা)

পাহাড় থেকে সমুদ্র কিংবা নদীর মোহনায়
একটা গর্ভিনী কবিতায় ভালোবাসি তোমায়
বলেছিলে তুমি _ _ _
কথা টা মনে আছে , অমলেন্দু ?

তপ্ত বৈশাখের সেই কালবৈশাখী ঝড়ে
বাঁধ ভাঙা প্রেম পোড়ো কুটিরে
মনে কি পরে?

শ্রাবণ যেদিন ভিজিয়ে ছিল আমার খোলা আঁচল
তোমার চোখের আয়নায় দেখেছিলাম
আমার চোখের কাজল
মনে আছে কি আজ‌ও?

ঐ নীলিমার নীলে শরৎ যেদিন হেসেছিল
কাশের বনে খুশির দোলায় দুলে
তুমি এসেছিলে সব অভিমান ভুলে
মনে আছে ,অমলেন্দু ?

এক শত পাপড়ি খুলে তুমি এনেছিলে নীলপদ্ম
উপহারের উপঢৌকনের আদিখ্যেতায়
ছিল না মনের দ্বন্দ্ব
মনে আছে কি , তোমার?

বাঁধ ভাঙা চাঁদের হাসির জোয়ারে ভাসিয়ে তরী
উপহার দিয়েছিলে তোমার কবিতার ডালি
একটা নিশাচর নিঃশব্দে উড়েছিল আকাশে
নিঃশ্বাসে ভেজা ছাতিমের সুবাসে
শুধুই দুটি মন
সাজিয়েছিল পুষ্পপাত্রে প্রেমের অঞ্জলী
আকাশ বাতাস বিদীর্ণ করে সেদিন বলেছিলে
তোমায় ভালোবাসি ,
ভুলে গেলে কি সব?

ভুলে গেলে কি করে বসন্তের অনুরাগ?

ক্যানভাস জুড়ে আঁকা আমাদের স্বপ্নের জলছবি
সযত্নে টাঙানো ড্রয়িং রুমের ওয়াল জুড়ে
কত রং আছে ওতে
তবে কেন তোমার প্রেম হারালো রং ?
সব ভুলে, অমলেন্দু
কবিতা লেখোনি কতকাল,
সময় গড়িয়ে গেছে বহমান ধারায় ,
অভাগিনীর প্রতিক্ষায় কাটে না আর সময়ের পল
প্রতিশ্রুতির বাস্প আজ কুয়াশার আলিঙ্গনে
খুঁজে চলে তোমাকে কবিতার বন্ধনে
একটা নীল পদ্মের আকাঙ্খায়_ _ _
তুমি কি আসবে ফিরে, অমলেন্দু ??

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *