সন্তোষ মন্ডল, অন্ডাল:- পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার অন্ডাল মোড় থেকে কাজোড়া যাওয়ার রাস্তায় ১৯ নং জাতীয় সড়কের পাশে বেশ কিছু হোটেল ও ধাবা গজিয়ে উঠেছে । সেইসব হোটেল ও ধাবাগুলোতে আড়ালে বেআইনি ভাবে মদ বিক্রির মধুচক্র চালানো হয় বলে অভিযোগ । খদ্দের টানাকে কেন্দ্র করে পাশাপাশি ধাবা ও হোটেলগুলির মধ্যে প্রকাশ্যে গন্ডগোল । দেবরাজ কুমার নামে এক ধাবা মালিক অভিযোগ করেন, গত শনিবার পাশের ধাবার মালিক ও লোকজনেরা তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় । পাশের ধাবাতে মদের আসর ও মধুচক্র বসানো হয় । তার প্রতিবাদ করাতেই তাকে মারধর করা হয়েছে বলে দাবি করেন দেবরাজবাবু ।
এর পাল্টা সোমবার গভীর রাতে সেই অভিযুক্তের ধাবাতে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে । ঐ ধাবার এককর্মী বলেন, গভীর রাতে জনা ১০/১২ জনের একটি দুষ্কৃতি দল ধাবাতে হামলা চালায় । মালিকের নাম করে তার খোঁজ খবর নেয় । মালিক ধাবাতে না থাকায় ক্ষুব্ধ হয়ে তারা ভাঙচুর চালায় । খাবার, চেয়ার ও টেবিল ফেলে দেয় । তার দাবি, দুষ্কৃতিরা তাকে লক্ষ্য করে কড়াইয়ে থাকা তেল ছোঁড়ে। কিন্তু সে তেল ঠান্ডা থাকায় তার কোন ক্ষতি হয়নি বলে জানান তিনি।
অন্ডাল থানার ঢিল ছোঁড়া দূরত্বে ১৯ নং জাতীয় সড়কের পাশে ধাবা গুলিতে অনৈতিক কাজের অভিযোগ ও হামলা ভাঙচুরের ঘটনায় স্বাভাবিক ভাবেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন । তবে গোটা ঘটনা ও অভিযোগ নিয়ে অন্ডাল থানার পুলিশের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।